লিবিয়ায় আটক থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব অভিবাসী দীর্ঘদিন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশিকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার পর দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিতভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা অনেক সময় অভিবাসীদের মৃত্যু, নিখোঁজ, জিম্মি বা আটকের কারণ হয়ে দাঁড়ায়। এভাবে বিদেশে গিয়ে অনেক বাংলাদেশিকে দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে আটক থাকতে হয়।
এ কারণে দালাল ও মানবপাচারকারীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা প্রদান এবং দেশে ফিরিয়ে আনতে দূতাবাস ধারাবাহিকভাবে কাজ করছে। এ বিষয়ে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।
একই সঙ্গে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে অবস্থানরত অন্যান্য বাংলাদেশি নাগরিকদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।


















