মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার মব নিয়ন্ত্রণে অনেকটাই সফল হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক বিভিন্ন ধরনের অপরাধ কমে আসবে বলে আশা করা হচ্ছে। চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতিতেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদকের বিস্তার রোধে বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
দুপুরে বিজিবির সিলেট সেক্টর কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।


















