বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় সরে গিয়ে দুর্বল হতে শুরু করলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সমুদ্রসীমায় বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে পুরোপুরি নিস্তেজ হয়ে যাবে। তবে উপকূলজুড়ে বিরূপ আবহাওয়া ও উত্তাল সমুদ্র পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।


















