বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও পরামর্শ অনুযায়ী আপাতত তাঁর সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ বা দেখা না করার জন্য দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন এবং পরবর্তীতে শারীরিক দুর্বলতা অনুভব করায় গতকাল ৩০ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে শিমুল বিশ্বাসের পরিদর্শণ ও চিকিৎসকদের পরামর্শ
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে যান দলটির প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। শিমুল বিশ্বাস হাসপাতালে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়ার খোঁজখবর নেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রবীণ এই রাজনীতিকের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। ইনফেকশন বা অন্য কোনো শারীরিক জটিলতা এড়াতে এবং দ্রুত সুস্থতার স্বার্থে চিকিৎসকদের পক্ষ থেকেই মূলত নজরুল ইসলাম খানের কেবিনে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য এই কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


















