বাভারিয়ান পরাশক্তি বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগটি ১-১ গোলে ড্র হলেও প্রথম লেগের ৫-৪ ব্যবধানের জয়ে সব মিলিয়ে ৬-৫ অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের শুরুতেই খিচা কাভারাতসেখেলিয়ার দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে পিএসজিকে লিড এনে দেন ওসমান ডেম্বেলে। যদিও হ্যারি কেইন অতিরিক্ত সময়ে বায়ার্নের হয়ে গোল করেন, তবে সেটি দলটির ট্রেবল জয়ের স্বপ্ন বাঁচাতে যথেষ্ট ছিল না।
এই ম্যাচে এক অনন্য রেকর্ড গড়েছেন পিএসজির কাভারাতসেখেলিয়া। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বের টানা সাত ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন তিনি। চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্পের সমান ১০টি গোল ও ৬টি অ্যাসিস্ট এখন তাঁর ঝুলিতে। অন্যদিকে, সেমিফাইনালের অন্য ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। আগামী ৩০ মে বুদাপেস্টে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি এখন পিএসজির সামনে।



















