মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা আরও বাড়িয়ে সোমবার (১৬ মার্চ ২০২৬) লেবাননের দক্ষিণাঞ্চলে ‘সীমিত ও লক্ষ্যভিত্তিক’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস এবং সীমান্তবর্তী বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থল অভিযানের পাশাপাশি দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সোমবারের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২ জন প্যারামেডিকও রয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের ৯১তম ডিভিশনের সেনারা বর্তমানে লেবাননের অভ্যন্তরে অবস্থান করছে। আইডিএফ-এর দাবি, হিজবুল্লাহর ‘রাদওয়ান বাহিনী’ ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল, যা নস্যাৎ করতেই এই অভিযান। অন্যদিকে, দক্ষিণ লেবাননে সম্মুখ যুদ্ধে নিজেদের ২ সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। লেবানন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চলমান এই সংঘাতের ফলে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৮৫০ জন নিহত এবং প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল সম্ভবত সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত লিতানি নদীর দক্ষিণ অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো সতর্ক করেছে যে, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এই অভিযানকে লেবাননের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত হিসেবে দেখছে এবং দীর্ঘমেয়াদি ইসরায়েলি দখলের আশঙ্কা প্রবল হচ্ছে।

















