গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি জনপ্রিয় ব্যান্ড দলকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেওয়া হয়। শিল্পকলা, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীত ব্যক্তিদের এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হলো। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের পদকপ্রাপ্তদের তালিকায় অভিনয় বিভাগে বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা এবং সংগীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে বিশ্বখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম এবং নৃত্যে অর্থী আহমেদ এই সম্মাননা অর্জন করেছেন। এ ছাড়াও পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদারকে পদক দেওয়া হয়েছে। প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানকেও এ বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মনোনীত করা হয়েছে।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এ বছর সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রিয় মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’-কে একুশে পদকে ভূষিত করা হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে তাদের এই অর্জন বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করল। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে সনদ, স্বর্ণপদক ও চেক তুলে দিয়ে দেশের উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় তাঁদের ভূমিকার প্রশংসা করেন। এই সম্মাননা প্রদানের মাধ্যমে মেধার মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বরণীয় ব্যক্তিদের আদর্শ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।



















