সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম নবীন প্রকৌশলীদের অনৈতিক চর্চা পরিহার করে দেশের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের ৩২ জন কর্মকর্তার সাত দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নে যেমন প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধেও কঠোর অবস্থান নিয়েছে। রাষ্ট্র জনস্বার্থেই প্রকৌশলীদের গড়ে তুলেছে, এই উপলব্ধি ধারণ করে সততার সাথে কাজ করার জন্য তিনি কর্মকর্তাদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নবীন কর্মকর্তাদের আগামীর বাংলাদেশের কাণ্ডারি হিসেবে অভিহিত করেন। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, নির্মাণ ব্যয় যুক্তিসঙ্গত রাখা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে নবীন ও প্রবীণ কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পক্ষ থেকে সহকারী প্রকৌশলী নাসির আহমেদ ও জান্নাতুল নাঈম নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।



















