রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে একটি অশুভ চক্র সক্রিয় রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতা গ্রহণের পর ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত স্বাস্থ্য খাত ও বিভক্ত প্রশাসনের মুখোমুখি হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত প্রজেক্ট ও সুবিধাবাদী চক্রের রেখে যাওয়া সংকট কাটিয়ে দেশকে দ্রুত স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে কাজ করছে বর্তমান সরকার।
স্বাস্থ্য খাতের বৈপ্লবিক রূপান্তরে সরকারের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ‘রোগ প্রতিরোধের চেয়ে নিরাময় উত্তম’—এই নীতিকে সামনে রেখে দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যারা চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করবেন। চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগ, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়ন ও প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার মতো দাবিগুলো বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের লক্ষ্যের পাশাপাশি ‘ই-হেলথ কার্ড’ চালুর মাধ্যমে দেশে একটি সার্বজনীন চিকিৎসাবান্ধব পরিবেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।


















