একীভূত হতে যাওয়া সংকটে পড়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের গত দুই বছরের (২০২৪ ও ২০২৫) মুনাফা পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত থেকে আংশিক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমানতকারীরা এই দুই বছরের জন্য ৪ শতাংশ হারে মুনাফা পাবেন এবং চলতি ২০২৬ সাল থেকে আমানতের ওপর বাজারভিত্তিক মুনাফা প্রদান করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এই সংশোধিত নির্দেশনা জানানো হয়েছে। এর আগে ১৪ জানুয়ারি এক চিঠিতে ২০২৪ ও ২০২৫ সালের পুরো মুনাফা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল, যা আমানতকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ও বিতর্কের সৃষ্টি করে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৩১ হাজার কোটি টাকার আমানতের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, যদি কোনো আমানতকারী ইতিমধ্যে ৪ শতাংশের বেশি মুনাফা তুলে নিয়ে থাকেন, তবে অতিরিক্ত অর্থ ভবিষ্যতে প্রদেয় মুনাফা থেকে কিস্তি আকারে সমন্বয় করা হবে। তবে এই ৪ শতাংশ মুনাফার সুবিধা শুধুমাত্র ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রে কার্যকর হবে। আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতের ওপর আস্থা বজায় রাখতেই কেন্দ্রীয় ব্যাংক তার আগের কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


















