জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। শুনানির সময় কাঠগড়ায় থাকা পলক নিজেকে নির্দোষ দাবি করলে আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসিকিউশনের আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে পলকের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ১৪ ও ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের হামলা উসকে দেওয়া হয়েছিল। দ্বিতীয় অভিযোগে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত বাড্ডা ও উত্তরায় ইন্টারনেট বন্ধ করে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে মারণাস্ত্র ব্যবহার এবং নির্বিচারে হত্যার প্ররোচনা দেওয়ার দায় আনা হয়েছে। এছাড়া ৫ আগস্ট উত্তরায় সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের জন্যও তাদের অভিযুক্ত করা হয়েছে। শুনানিতে ইন্টারনেট বন্ধের বিষয়ে সালমান এফ রহমানের সঙ্গে পলকের একটি বিতর্কিত ফোনালাপের প্রসঙ্গও উল্লেখ করে প্রসিকিউশন।


















