তারেক রহমানের নিরাপদ দেশ গড়ার ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমিতে ফিরে ‘মায়ের স্বপ্নের মতো’ একটি নিরাপদ ও শান্তিময় বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চে লাখো জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি তিনবার ‘শান্তি চাই’ উল্লেখ করে বলেন, এমন দেশ গড়তে হবে যেখানে প্রতিটি মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একাত্তরের চেতনার সঙ্গে তুলনা করে তিনি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে শক্তিশালী অর্থনৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি গড়ার ওপর জোর দেন। মানুষের কথা বলার ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জনসমুদ্রের ভালোবাসার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















