বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির মৃত্যুতে গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় শূন্যতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান তাকে টেলিফোনে হাদির মৃত্যুসংবাদ জানিয়েছেন। তিনি শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। তিনি ঘোষণা দেন, শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।

ড. ইউনূস জানান, হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে শহিদ হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে; অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা হাদির চিকিৎসায় আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান—যিনি নিজেও একজন চিকিৎসক—ব্যক্তিগতভাবে পরিচর্যা করেছেন এবং নিয়মিত চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর দিয়েছেন।

তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো শৈথিল্য দেখানো হবে না। তিনি দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে; রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ভয়, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। শহিদ হাদি ছিলেন প্রতিবাদের এক আইকন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার তার ইচ্ছা অপূর্ণ রয়ে গেলেও, তার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজ সমগ্র জাতির কাঁধে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল থাকার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ