রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন হামলা অগ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার জন্য হতাশাজনক। তিনি হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশনা প্রদান করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত চালিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সম্ভাব্য সংগঠিত পরিকল্পনা খতিয়ে দেখতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কোনো সহিংসতা বরদাশত করা হবে না। জনগণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
শুক্রবার দুপুরে বিজয়নগর কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং তিনি বর্তমানে কোমায় রয়েছেন


















