সচিবালয় ভাতার দাবিতে কর্মচারীদের অবরোধ কর্মসূচির কারণে টানা ছয় ঘণ্টার বেশি সময় সচিবালয়ে আটকা থাকেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। পরে গতকাল রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় তিনি সচিবালয় ত্যাগ করেন।
আজকের মধ্যে ভাতা–সংক্রান্ত সরকারি আদেশ (জিও) দেওয়ার আশ্বাস পাওয়ায় আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন। এর আগে পুলিশের বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করলে কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তি ও স্লোগানধ্বনির ঘটনা ঘটে।
২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে গতকাল দুপুর আড়াইটায় কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাকে অবরুদ্ধ করেন। অফিস শেষ হওয়ার পরও বের হতে না পারায় তিনি কক্ষে অবস্থান করেন।
কর্মচারীদের অভিযোগ, উপদেষ্টা ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা রাত পর্যন্ত অফিস করায় তাদেরও দীর্ঘ সময় অতিরিক্ত কাজ করতে হয়, ছুটির দিনেও অফিস করতে হয়—তবু কোনো অতিরিক্ত ভাতা দেওয়া হয় না। বিভিন্ন দপ্তরের লাখো কর্মকর্তা-কর্মচারী রেশন ও ঝুঁকি ভাতা পেলেও সচিবালয় কর্মীরা এসব সুবিধা থেকে বঞ্চিত বলে তারা দাবি করেন।
সচিবালয় ভাতার বিষয়টি বহুদিনের দাবি উল্লেখ করে আন্দোলনকারীরা দ্রুত গেজেট প্রকাশের আহ্বান জানিয়েছেন।



















