বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দিয়ে সরকারি প্রতিষ্ঠান বোকার মতো কাজ করছে। বাজারকে তার স্বাভাবিক নিয়মে চলতে দেওয়া উচিত। তিনি বলেন, কৃষিতে অগ্রগতি হয়েছে ঠিকই, তবে এখনো বিপ্লব হয়নি। খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক কৃষি ম্যাপিং জরুরি।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার’-এর দ্বিতীয় দিনে তিনি এসব মন্তব্য করেন।
আমীর খসরু আরও বলেন, দেশে অনেক সংস্কার হলেও জনগণ তার সুফল পায় না। কৃষকের পণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রযুক্তি উন্নয়ন ছাড়া কৃষিতে বিপ্লব সম্ভব নয়। তিনি জানান, দেশে এখনো সর্বাধিক কর্মসংস্থান কৃষি খাতে এবং খাদ্য নিরাপত্তার প্রধান ভরসাও কৃষি।
কোন অঞ্চলে কোন ফসল উৎপাদন করা হবে—এ নিয়ে সুনির্দিষ্ট ম্যাপিং প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে না পারলে বাংলাদেশ বৈশ্বিক রাজনৈতিক চাপের শিকার হবে। অনেক দেশ হঠাৎ করে রফতানি বন্ধ করে দেয় বা ট্যারিফ আরোপ করে—এ কারণে বিদেশ নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বাবলম্বী হওয়া জরুরি



















