জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে।”
চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, এই বক্তব্য তিনি ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে দেন। তিনি আরও বলেন, নিজের জীবনে তিনি ধনসম্পদ বা ক্ষমতার জন্য কিছু চাননি এবং এলাকার মানুষের প্রতি সম্মান জানাচ্ছেন।
গত ২২ নভেম্বর দেওয়া নির্বাচনী বক্তব্যেও শাহজাহান চৌধুরী প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে আনার বিষয়ে মন্তব্য করেন, যা ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দিয়েছে।



















