রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরে সরকারি কর্মকর্তাদের হঠাৎ গোপন বৈঠককে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের একজন সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তথ্য ভবনের একাধিক সূত্র জানায়, বৈঠকে আসা কর্মকর্তাদের গাড়ির নম্বরও নথিবদ্ধ হয়েছে—ঢাকা মেট্রো-ঘ ১৫-৯৫২০, ঢাকা মেট্রো-গ ৩১-৯১০০ ও ঢাকা মেট্রো-গ ৩৫-৩৪২১। কর্মচারীদের কড়া প্রহরায় রুদ্ধদ্বার এই বৈঠকে অর্ধশতাধিক ব্যক্তি আলোচনায় অংশ নেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের ব্যক্তিগত এক কর্মকর্তা জানান, রাত ৮টা থেকে একজন সচিবসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আলোচনা করছেন এবং সেখানে কাউকে প্রবেশের অনুমতি নেই।
এদিকে, সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বৈঠকের সত্যতা দেখতে পেলেও মহাপরিচালক আবদুল জলিল দাবি করেন, এটি কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের একটি বৈঠক, যার সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। রাত সোয়া ৯টার দিকে আপ্যায়ন শেষে বৈঠকে অংশগ্রহণকারীরা ভবন ছাড়েন ।



















