আসছে ডিসেম্বর থেকে পাকিস্তানের করাচি ও বাংলাদেশের ঢাকার মধ্যে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হোসেন খান বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহান এয়ারের এই উদ্যোগ দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক যোগাযোগকে আরও জোরদার করবে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) এক মতবিনিময় সভায় তিনি জানান, দুই দেশের ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে দ্রুত ভিসা প্রদান করা হচ্ছে। সংগঠনের সদস্যরা তিন থেকে চার দিনের মধ্যে ভিসা পেতে পারবেন, যা দুই দেশের ভ্রমণকে আরও সহজ করবে।
বাণিজ্যের সম্ভাবনার কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস পাঠাতে পারে। টেক্সটাইল ও তৈরি পোশাক খাতেও উভয় দেশের সামনে বিপুল সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, দ্রুতই দু’দেশের মধ্যে সরাসরি কার্গো জাহাজ চলাচল শুরু হবে। গত বছরের ডিসেম্বর থেকে একটি কার্গো সেবা চালু আছে, তবে বাড়তি চাহিদার কারণে আলাদা একটি সরাসরি রুটের প্রয়োজন দেখা দিয়েছে।
শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে, যেখানে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। তাদের লক্ষ্য হবে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে উচ্চশিক্ষায় আকৃষ্ট করা। একইসঙ্গে তিনি পাকিস্তানের পর্যটন খাতের সম্ভাবনা এবং দুই দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ককে ‘একই পরিবারের অংশ’ হিসেবে উল্লেখ করেন।
এলসিসিআই সভাপতি ফাহীমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি বাড়াতে পারে এবং তৈরি পোশাক খাতে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিখতে পারে। তথ্যপ্রযুক্তি ও অটোমোবাইলসহ বিভিন্ন খাতে সহযোগিতার বড় সুযোগ রয়েছে।
বর্তমানে দুই দেশের বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার হলেও তা আগামী কয়েক বছরে ৩ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও গতি পাবে বলেও মন্তব্য করেন এলসিসিআই সভাপতি। তিনি হাইকমিশনারের আমন্ত্রণে প্রতিনিধি দল নিয়ে শিগগিরই ঢাকা সফরের আশা জানান।


















