আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর মোট ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ও বিকেলে দুই দফায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি ও দুপুর ২টা থেকে আরও ৪১টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে। সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
এর আগে চলমান উদ্যোগের অংশ হিসেবে ইসি ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর চার দিনে দুই সেশনে ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। পাশাপাশি গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, নারী নেত্রী ও সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করেছে কমিশন।
এসব আলোচনায় পাওয়া পরামর্শ আচরণবিধি চূড়ান্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে ইসি। কমিশনের আশা, পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে আসন্ন সংলাপ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে সহায়ক হবে।



















