মার্কিন ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই খবর জানান। তার এই ঘোষণার পর এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
দল ঘোষণার সময় মাস্ক বলেছেন, “আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।” নতুন দল গঠনের আগে তিনি এক্সে একটি জনমত জরিপ চালিয়েছিলেন, যেখানে প্রায় ১২ লাখ ভোটের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষ যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার পক্ষে মত দিয়েছিলেন।
সম্প্রতি মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ (কর কমানো ও ব্যয় বৃদ্ধির বিল)-এর তীব্র সমালোচনা করেছেন, যা ট্রাম্প আইনে পরিণত করেছেন। মাস্কের মতে, “এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।” উল্লেখ্য, একসময় মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন এবং তার প্রশাসনে কাজও করেছিলেন। তবে, ট্রাম্পের নতুন ব্যয় নীতিকে কেন্দ্র করে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।
মাস্ক আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি একটি দল গঠন করে ট্রাম্পের বিল সমর্থনকারী আইনপ্রণেতাদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে অর্থ ব্যয় করবেন। এর জবাবে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে মাস্কের কোম্পানিগুলোর সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মাস্কের এই নতুন দল ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আধিপত্য ভেঙে নতুন কোনো দলের পক্ষে জায়গা করে নেওয়া সহজ হবে না।
এদিকে, মাস্ক-ট্রাম্প দ্বন্দ্বের প্রভাবে টেসলার শেয়ারের দামেও নেতিবাচক প্রভাব পড়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে টেসলার শেয়ারপ্রতি দাম ৪৮৮ ডলারে উঠলেও গত এপ্রিলে তা অর্ধেকেরও নিচে নেমে আসে। সর্বশেষ সপ্তাহে এটি ৩১৫ ডলারে লেনদেন হয়েছে।



















