মার্কিন ফেডারেল সরকারের ব্যয় সংক্রান্ত প্রস্তাব চতুর্থবারের মতো পাসে ব্যর্থ হয়েছে সিনেট। এতে চলমান শাটডাউন আরও দীর্ঘায়িত হয়ে পরবর্তী সপ্তাহে গড়াচ্ছে। সর্বশেষ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দুটি প্রস্তাবই উচ্চকক্ষের ৬০ ভোটের বাধা অতিক্রম করতে পারেনি।
বাজেট ইস্যুতে দুই দলের অচলাবস্থায় এখন শাটডাউন কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় হোয়াইট হাউস সতর্ক করে জানিয়েছে, অচলাবস্থা অব্যাহত থাকলে জরুরি পরিষেবা সচল রাখতে ফেডারেল কর্মীদের ছাঁটাই করতে হতে পারে।
মূল বিরোধের কেন্দ্রবিন্দুতে আছে স্বাস্থ্যসেবা খাত। ডেমোক্র্যাটরা চাইছেন নিম্নআয়ের জনগণের স্বাস্থ্যবীমায় ভর্তুকি অব্যাহত রাখা ও মেডিকেইড কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কাটছাঁট ফিরিয়ে নেওয়া। অপরদিকে রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটরা কাগজপত্রহীন অভিবাসীদের স্বাস্থ্যসেবা দিতে গিয়ে সরকারকে অচল করে ফেলেছে।
সর্বশেষ ভোটে রিপাবলিকানদের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৫৪, বিপক্ষে ৪৪। ডেমোক্র্যাটদের প্রস্তাবে পক্ষে ভোট ৪৫, বিপক্ষে ৫২। দুই পক্ষই পরস্পরকে শাটডাউনের জন্য দায়ী করছে।
রিপাবলিকান সেনেটর জশ হলে বলেন, “আমরা যতই ভোট দিই না কেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে মাত্র পাঁচজন।”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “ডেমোক্র্যাটরা নিজেদের রাজনৈতিক স্বার্থে আমেরিকানদের জিম্মি করে রেখেছে।” তিনি সতর্ক করেন, শাটডাউনের কারণে বেকারত্ব বাড়ছে এবং প্রতি সপ্তাহে জিডিপি ১,৫০০ ডলার করে কমছে।
অন্যদিকে বাজেট অচলাবস্থার প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। ওএমবি প্রধান রাসেল ভট ঘোষণা দিয়েছেন, শিকাগোর জন্য বরাদ্দ ২১০ কোটি ডলার অবকাঠামো তহবিলের অর্থ ছাড় স্থগিত রাখা হবে—শাটডাউনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।


















