অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রবিবার (৩১ আগস্ট) বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর উদ্যোগ দেখা যাচ্ছে। জাতীয় পার্টি সব সময় ফ্যাসিবাদী ভূমিকা পালন করেছে। তারা বারবার ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে এবং কৃত্রিম গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “যে কেউ যদি এই ফ্যাসিবাদী শক্তিকে সমর্থন দেয়, জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা প্রতিহত করবে।”
ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জানান, অনেকে ইনক্লুসিভ নির্বাচনের নামে আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। তবে সরকার ও গণতান্ত্রিক শক্তিগুলো এ ধরনের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত।
জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সরকার এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে আলোচনা শেষে এ বিষয়ে বিবেচনা করা হবে।



















