রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি জানান, গণফোরামের স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগে তাদের আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত হলো।
স্বাক্ষর অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “৭২-এর সংবিধানের চারটি মূলনীতি যদি জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকত, তা আরও পূর্ণতা পেত। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সনদে যুক্ত করার আশ্বাস পাওয়ায় আমরা স্বাক্ষর করেছি।”
এর আগে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ার সুপারিশ প্রত্যাহার করে কমিশন। এর পরই গণফোরাম সনদে স্বাক্ষর করতে সম্মত হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, কমিশনের সঙ্গে আলোচনার পর তারা রবিবার দুপুরে সনদে স্বাক্ষর করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।


















