রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ রফতানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে মার্কিন বাজারে ভারতের পণ্যের মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে—যা এখন পর্যন্ত দেশটির ওপর আরোপিত সর্বোচ্চ শুল্কহার।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প জানান, চীনকেও একই ধরনের নীতির আওতায় আনা হতে পারে। তিনি বলেন, “এটা সম্ভব… চীন হতে পারে সেই দেশগুলোর একটি।”
ট্রাম্প আরও বলেন, “ভারতের সঙ্গে আমরা যেমন করেছি, তেমনি আরও কিছু দেশের সঙ্গেও এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।”
উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতের ওপর মার্কিন শুল্কহার ছিল ১৫ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মার্চে তা বাড়িয়ে ২৫ শতাংশ করেন তিনি। এরপর রুশ তেল আমদানির কারণে সম্প্রতি আবার ২৫ শতাংশ শুল্ক যোগ হয়।
এখন পর্যন্ত ভারত ও ব্রাজিল—দুই দেশের ওপরই সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে, চীনের ওপর বর্তমান শুল্কহার ৩০ শতাংশ।
সূত্র: রয়টার্স



















