রাজধানীর মোহাম্মদপুরে একটি ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনারুল এবং পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।
মো. ইবনে মিজান আরও জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ইউসুফ, সিয়াম এবং জহুরুল।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র তিন মিনিটের হাঁটার দূরত্বে মোবাইল মালিক আহমাদ ওয়াদুদকে চাপাতি দিয়ে আঘাত করে তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। তবে আহমাদ ওয়াদুদের অভিযোগ, পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব পালনে অবহেলা করেছেন।
আহমাদ ওয়াদুদ এ বিষয়ে ফেসবুকে একটি বিস্তারিত স্ট্যাটাস দেন, যেখানে তিনি ঘটনার বিবরণ তুলে ধরেন। স্ট্যাটাসটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


















