দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো টাইগাররা, যা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল (২২ জুলাই) অনুষ্ঠিত এই ম্যাচে, ১৩৩ রানের জবাবে পাকিস্তান ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয়।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ২৮ রানেই ওপেনার নাঈম শেখ (৩), অধিনায়ক লিটন দাস (৮), হৃদয় (০) ও পারভেজ হোসেন ইমন (১৩) দ্রুত বিদায় নিলে বিপদে পড়ে স্বাগতিকরা। এই অবস্থায় ইনিংসের হাল ধরেন জাকের আলী ও শেখ মেহেদি হাসান। পঞ্চম উইকেটে তাদের ৫৩ রানের জুটি দলকে কিছুটা স্থিতিশীলতা এনে দেয়। মেহেদি ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলেন, যেখানে দুটি চার ও দুটি ছক্কা ছিল।
শেখ মেহেদির বিদায়ের পর দ্রুত ফিরে যান শামীম পাটোয়ারি (১)। তবে অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান জাকের। ইনিংসের শেষ ওভারে দুটি ছক্কা মেরে তিনি ফিফটি পূর্ণ করেন। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৪৮ বলে ৫৫ রান করে। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও একটি চার। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৩৩ রানে।
রান তাড়ায় নেমে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। খুশদিল শাহ ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর আব্বাস আফ্রিদি ১৩ বলে ১৯ রান করেন। শেষদিকে জয়ের আশা জাগিয়েছিলেন ফাহিম আশরাফ। তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান এবং ৩১ বলে ফিফটি হাঁকান। তবে রিশাদের বলে বোল্ড হয়ে গেলে পাকিস্তানের জয়ের স্বপ্ন ভঙ্গ হয়।



















