রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
পরে যাত্রী ও স্টেশনের নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছে।
এমআরটি পুলিশ কন্ট্রোলরুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নিলে মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কন্ট্রোলরুম আরও জানায়, বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। সেখানে যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক আছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশনটি আবার চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোলরুম।


















