রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান স্থান থেকে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জমির ওপর ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ভবনে মোট প্রায় ৩২ লাখ বর্গফুট জায়গা তৈরি হবে।
তিনি জানান, ২০২৯ সালের মধ্যে নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সচিবালয় স্থানান্তরের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বর্তমান সচিবালয়ের স্থানে নিম্ন আদালতের কার্যক্রম চালুর জন্য প্রস্তাব ওঠার পর স্থানান্তরের বিষয়টি গুরুত্ব পায়।
পরিকল্পনা বাস্তবায়িত হলে শেরেবাংলা নগরে নতুন অবকাঠামোতে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।


















