গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাটিকে একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


















