শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকার থার্ড টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ

Spread the love

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দ্বিতীয় প্যাসেঞ্জার হ্যান্ডলিং অপারেটর হিসেবে চুক্তি পেলে প্রথম বছরেই ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন।

প্রতিষ্ঠানটির দাবি, এই বিনিয়োগের ফলে প্রথম বছরেই এক হাজারের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশের অর্থনীতি ও সরবরাহশৃঙ্খলে আরও সাড়ে ৪ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেনজিস এভিয়েশনের পক্ষ থেকে প্রস্তাবিত বিনিয়োগ ও কর্মসংস্থান পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) জন হেন্ডারসন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ।

মেনজিস জানায়, প্রস্তাবিত বিনিয়োগ শুধু বিমানবন্দর পরিচালনা ও যাত্রীসেবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের এভিয়েশন খাতে মানবসম্পদ উন্নয়ন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।

এর অংশ হিসেবে ঢাকায় একটি ‘মেনজিস ট্রেনিং একাডেমি’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সেখানে আন্তর্জাতিক মানের এভিয়েশন প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করা হবে।

এ ছাড়া এভিয়েশনবিষয়ক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও গ্র্যাজুয়েট পাথওয়ে চালুর লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে মেনজিসের।

প্রতিষ্ঠানটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান বাড়বে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অপারেশনাল, টেকনিক্যাল ও ব্যবস্থাপনাগত দক্ষতা উন্নত হবে। এর ফলে বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগও বাড়বে।

থার্ড টার্মিনালের দ্বিতীয় প্যাসেঞ্জার হ্যান্ডলিং অপারেটর নির্বাচনে ভূরাজনৈতিক বিবেচনা বা রাজনৈতিক প্রভাব কোনো ভূমিকা রাখবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ বলেন, তারা দৃঢ়ভাবে আশাবাদী যে পুরো প্রক্রিয়াটি কোনো ভূরাজনৈতিক প্রভাবের ভিত্তিতে নয়, বরং মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হবে।

মেনজিস এভিয়েশন বলছে, প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যুক্তরাজ্য-বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হতে পারে।

সর্বশেষ - অপরাধ