নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন অটোরিকশাচালক জলিল মিয়া, তার বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চায়না মোড়ে। অপর নিহত যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিল অটোরিকশাটি। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী মারা যান। আহত তিনজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।



















