২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
ধর্ম মন্ত্রণালয়ের প্রচারিত বিজ্ঞপ্তির বরাতে বাংলাদেশ ব্যাংক জানায়, সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। এরপর নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আর কোনো সুযোগ থাকবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। এরপর চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি আরব পর্বের জন্য অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনসহ মোট ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকসহ সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


















