মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পরপর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

Spread the love

ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মেগা প্রকল্পের নির্মাণকাজ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি বন্ধে নজরদারি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহর ও আশপাশের এলাকায় চলমান সব উন্নয়নমূলক কাজ যেন সমন্বিতভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষকে নিয়ে এই সমন্বয় সভা করা হয়েছে।

একটি সংস্থা কাজ শেষ করার পর একই স্থানে অন্য কোনো সংস্থা যাতে আবার খোঁড়াখুঁড়ি না করে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য নগরবাসীকে স্বস্তি দেওয়া, জনভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রবণতা বেড়ে যায়। তাই আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে ইউটিলিটি শিফটিংসহ বিভিন্ন নির্মাণকাজ একই সময়ে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মেগা প্রকল্পে ফোকাল পয়েন্ট

সালাহউদ্দিন আহমদ জানান, এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মেগা প্রকল্পগুলোর কাজ তদারকির জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থা

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলে যানচলাচলে দৃশ্যমান শৃঙ্খলা ফিরছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন।

ইউটিলিটি শিফটিংয়ের কাজ ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিচালনার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিন বাসস্ট্যান্ড শহরের বাইরে নেওয়ার উদ্যোগ

রাজধানীর ওপর ট্রাফিকের চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে জমি অধিগ্রহণ ও সার্বিক পরিকল্পনার কাজ চলছে। বাসস্ট্যান্ড স্থানান্তরের আগ পর্যন্ত রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা

রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে চিহ্নিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মূল সড়কে থ্রি-হুইলার বা ছোট যানবাহনের চলাচল শৃঙ্খলাবহির্ভূত। ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে আকস্মিকভাবে কাউকে বেকার না করে পর্যায়ক্রমে এসব যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।

বিভিন্ন স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা ব্যাটারিচালিত যানবাহনের চার্জিং পয়েন্টের বিরুদ্ধেও অভিযান চলছে বলে জানান তিনি। ইতোমধ্যে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন

নির্বাচন কমিশনের ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে, সেটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় সভায় মতামত নেওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

ঝটিকা মিছিল ও নাশকতা ঠেকাতে সতর্ক সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী শক্তির দুষ্কৃতকারীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে সাময়িক আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় সংঘটিত ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

সর্বশেষ - অপরাধ