রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার পর শুরু হওয়া বৃষ্টি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। এতে মিরপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
এর আগে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।
কয়েকটি অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


















