বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আওয়ামী লীগ অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী পার্থ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

Spread the love

দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের কঠিনতম সময়ে দায়িত্ব নিয়েছেন এবং সেখান থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর কাজ চলছে।

বুধবার দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রসঙ্গ তুলে পার্থ বলেন, সেতুটির দাবিতে ভোলার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন। এ বিষয়ে সরকার অবগত রয়েছে এবং নিজস্ব অবস্থান থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, হিজলা-মুলাদি-শরীয়তপুর হয়ে ঢাকায় যাতায়াতের বিকল্প পথ তৈরি হলে সময় প্রায় ৪০ মিনিট কম লাগতে পারে। এটিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ভোলায় মেডিকেল কলেজ নির্মাণের জন্য ১ হাজার ২০০ কোটি টাকা, নদীভাঙন প্রতিরোধে ৭০০ কোটি টাকা এবং সদর উপজেলার অভ্যন্তরীণ সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে পার্থ বলেন, তার দলে কোনো চোর, সন্ত্রাসী, টেন্ডারবাজ বা চাঁদাবাজ নেই। তার দলের নাম ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ড করলে তাদের দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি।

নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে পার্থ বলেন, তিনি যেন দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে পারেন, সে জন্য ভোলার মানুষের সহযোগিতা প্রয়োজন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় সফরে আসেন ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তাকে একনজর দেখতে পথে পথে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ভোলার খেয়াঘাট, নতুন বাজার, কালীনাথ রায় বাজারসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। তারা ফুল দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।

দুপুর ১২টার দিকে বরিশাল থেকে স্পিডবোটে ভোলার উদ্দেশে রওনা দেন পার্থ। এ সময় ভোলার খালের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

দুপুর সোয়া ১টার দিকে ভোলার খেয়াঘাটে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরাও ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

পরে খেয়াঘাট থেকে উকিলপাড়ার বাসভবনে যাওয়ার পথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া হাজারো মানুষ ফুল দিয়ে তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর নতুন বাজার চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন আন্দালিভ রহমান পার্থ।

সর্বশেষ - অপরাধ