আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সূত্রে জানা গেছে, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন করল নির্বাচন কমিশন। এখন নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন ভোট আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। ভোটের দিন-তারিখ চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেয় নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচনের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


















