সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লোডশেডিং কমাতে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

লোডশেডিং কমানো এবং শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বাড়াতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) ছয় হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ফার্নেস অয়েল কেনা হবে।

রবিবার অর্থ বিভাগের অনুমোদনের পর বিপিডিবিকে এ অর্থ ছাড় করা হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন ঋণ খাত থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি স্মারকে বলা হয়েছে, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক গড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে জ্বালানি কেনায় এই অর্থ ব্যবহার করা হবে। ঋণের বিপরীতে কোনো সুদ দিতে হবে না। বিদ্যুৎ খাতের প্রকৃত ক্ষতির বিপরীতে সরকার এ অর্থ সমন্বয় করবে। আগামী ২০২৭ সালের মার্চ থেকে ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে দেশে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় শিল্প খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎকেন্দ্রের গ্যাসের ব্যবহার কমিয়ে তেলভিত্তিক কেন্দ্রগুলোতে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ২১ আগস্ট থেকে বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সরিয়ে শিল্প-কারখানায় সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

বিপিডিবি সূত্রে জানা গেছে, দেশের ৩৩টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে ৮৭ হাজার ৩৫০ টন ফার্নেস অয়েল কেনার চাহিদাপত্র দেওয়া হয়েছে।

এর আগে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ছয় লাখ ৩০ হাজার ৫০০ টন ফার্নেস অয়েল আমদানিতে ছয় হাজার ৫০০ কোটি টাকা চেয়েছিল বিদ্যুৎ বিভাগ।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ সর্বোচ্চ ১১০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত কমেছে। আগে এসব কেন্দ্রে দৈনিক প্রায় ৯৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। এলএনজি আমদানিতে বিলম্বের কারণে গ্যাস সরবরাহে এ ঘাটতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে তেলভিত্তিক কেন্দ্রের ওপর নির্ভরতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্পে সরবরাহ বাড়ানোর মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখার চেষ্টা করছে সরকার।

সংশ্লিষ্টদের মতে, তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ালে বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয় বাড়বে। তবে একই সঙ্গে গ্যাসের সংকটের সময়ে শিল্প-কারখানায় সরবরাহ বাড়ানো গেলে উৎপাদন কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত