ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর কাছের কেন্সকফ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে হামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় এলাকার পুলিশপ্রধানের পদত্যাগের দাবিও উঠেছে।
হাইতি সরকার এ হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তা পরিস্থিতি জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় শক্তিশালী সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণ বাড়তে থাকায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
এদিকে, নতুন করে সহিংসতার ঘটনায় আগামী ডিসেম্বরের নির্বাচন আয়োজন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রায় এক দশক পর হাইতিতে এবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে সশস্ত্র গ্যাংগুলো পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে ‘বারবিকিউ’ নামে পরিচিত একটি কুখ্যাত গ্যাং রাজধানীর বড় একটি অংশের নিয়ন্ত্রণে রয়েছে

















