সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগের মধ্যেই আবারও ‘সিন্ডিকেট’ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম—এফডব্লিউসিএমএস ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের পর এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

জনশক্তি রপ্তানিকারকদের অভিযোগ, তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অখ্যাত এবং তাদের বড় পরিসরে কর্মী পাঠানোর অভিজ্ঞতা নেই। এসব এজেন্সির আড়ালে আগের সিন্ডিকেটের প্রভাবশালী ব্যক্তিরা শ্রমবাজার নিয়ন্ত্রণ করতে পারেন বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নতুন ব্যবস্থায় এই ২৫ এজেন্সি কীভাবে কর্মী নিয়োগ করবে, কারা নিয়োগদাতাদের চাহিদাপত্র পাবে এবং অন্য বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী পাঠানোর সুযোগ পাবে কি না—এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেই।

বায়রার সদস্যদেরও আশঙ্কা, সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে শ্রমবাজার পরিচালিত হলে অতীতের মতো আবারও সিন্ডিকেট, একচেটিয়া ব্যবসা, বৈষম্য এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের সুযোগ তৈরি হতে পারে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেছেন, এফডব্লিউসিএমএস-নির্ভর সিন্ডিকেট ব্যবস্থা শ্রমিকদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি করতে পারে। তার মতে, শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত না হলে শ্রমিক শোষণ ও অর্থ পাচারের ঝুঁকি থেকে যাবে।

অন্যদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সরকার চায় আলোচনার মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ করতে সক্ষম ৩৭৪টি রিক্রুটিং এজেন্সির সবাইকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দিতে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় চেষ্টা চলছে।

২০২২ সালে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর পর সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা নিয়ে অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগ উঠেছিল। নির্ধারিত ব্যয় সর্বোচ্চ ৭৯ হাজার টাকা হলেও কর্মীদের কাছ থেকে কয়েক লাখ টাকা নেওয়ার অভিযোগ ছিল। এসব অনিয়মের পর ২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া।

এবার নতুন ও স্বচ্ছ ব্যবস্থায় শ্রমবাজার চালুর আলোচনা চললেও ২৫ এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় পুরোনো ব্যবস্থার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন জনশক্তি রপ্তানিকারক ও অভিবাসন বিশেষজ্ঞরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত