বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা চরম ধসের মুখে পড়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় এবারের জাতীয় বাজেটে এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। রোববার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশ-বিদেশে কাজের সুযোগ তৈরির ব্যবস্থা করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম মেয়েদের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিলেন উল্লেখ করে তিনি জানান, তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুযোগ আরও বিস্তৃত করে নারীদের জন্য স্নাতক (গ্র্যাজুয়েশন) পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছেন। সুন্দর ভবিষ্যৎ গঠনে মাদকমুক্ত সমাজ গড়ার ওপর জোর দিয়ে তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় মনোযোগী করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















