কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঘিরে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কারাভ্যন্তরে পদে পদে অর্থ হাতিয়ে নেওয়া, টাকার বিনিময়ে উন্নত খাবার, অসুস্থ না হয়েও হাসপাতালে চিকিৎসা, পছন্দমতো সেলে থাকা এমনকি দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র যেমন কম্বল, ব্রাশ, পেস্ট নিয়েও অঘোষিত বাণিজ্য চলছে। অনুসন্ধানে জানা যায়, টাকা দিলে সব ধরনের বাড়তি সুবিধা পাওয়া যায়, আর টাকা না থাকলে সাধারণ বন্দিদের নানা কষ্টের মুখোমুখি হতে হয়।
ক্যান্টিন থেকে চড়া দামে খাবার কেনা বাধ্যতামূলক করতে সরকারি খাবারের মান খারাপ করা হয় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে সোনা পাচার ও হেভিওয়েট রাজনৈতিক বন্দিদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে তাদের জন্য ভালো সেলের ব্যবস্থা করা হয়। এছাড়া, তথ্যকেন্দ্রে ঘুষ না দিলে জামিনপ্রাপ্ত বন্দিদের সঠিক তথ্য স্বজনদের দেওয়া হয় না এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্বজনদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, কিছু অব্যবস্থাপনা রয়েছে এবং অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


















