বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো মিথ্যা, পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় জানানো হয় যে, ফেসবুকসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে একটি চক্রান্তকারী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে এ ধরনের হীন প্রচারণার তীব্র প্রতিবাদ ও কড়া নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী গোষ্ঠী ও তাদের সহযোগীরা জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর কাজের মনোবল ভেঙে দেওয়া এবং সরকারের সার্বিক ভাবমূর্তি বিনষ্টের উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর অপতৎপরতা বন্ধে পুলিশ জোরালো আইনি পদক্ষেপ গ্রহণ করছে এবং অনৈতিক সুবিধা বা তদবির প্রত্যাখ্যান করায় স্বার্থান্বেষী মহলের একটি অংশ এই মিথ্যাচার ছড়াচ্ছে। পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে যে, এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে অনৈতিক তদবির এবং ব্লাকমেইল করে অর্থ দাবির সুনির্দিষ্ট প্রমাণ পুলিশের হাতে রয়েছে। জনগণকে এ ধরনের অসত্য তথ্য শেয়ার বা প্রচার না করার অনুরোধ জানিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, অপপ্রচার অব্যাহত থাকলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


















