বগুড়ার কাহালু উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নারহট্ট ইউনিয়নের বউবাজার নামক এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন—যাদের মধ্যে পিকআপের চালক, হেলপার এবং দুইজন মাছ ব্যবসায়ী রয়েছেন। নিহতদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের (৫০) পরিচয় নিশ্চিত হওয়া গেছে; অন্য তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে মাছ বিক্রি করতে আসা একটি পিকআপ ভ্যান নওগাঁ থেকে ফেরার পথে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী পণ্যবোঝাই ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পর বগুড়া-নওগাঁ মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও কাহালু থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং পলাতক ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


















