শ্রমখাতে ব্যাপক ও বৈপ্লবিক সংস্কারের মাধ্যমে দেশে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকের মৌলিক অধিকার সুরক্ষায় একটি নতুন যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ রবিবার (১৯ জুলাই, ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আইএলও মহাপরিচালক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন; বৈঠকে প্রতিমন্ত্রী শ্রম সুশাসন জোরদার করা, অভিবাসী শ্রমিকদের আন্তর্জাতিক সুরক্ষা এবং নিরাপদ ও দক্ষ শ্রম অভিবাসনে আইএলও’র অব্যাহত গঠনমূলক সহায়তা ও গভীর অংশীদারিত্ব জোরদারের তাগিদ দেন।
বৈঠককালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের এই অভূতপূর্ব শ্রম সংস্কার আইএলও গভর্নিং বডির আসন্ন অধিবেশনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে থাকা দীর্ঘদিনের মামলাটি দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে। জবাবে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার ও কর্মক্ষেত্রের ইতিবাচক পরিবর্তনের ভূয়সী প্রশংসা করে জানান, শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের বিশ্বমানের এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। উভয় পক্ষই আগামী দিনে বাংলাদেশ ও আইএলও’র পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


















