মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পরীক্ষার্থীদের আন্দোলনে সায়েন্সল্যাব মোড় অবরুদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ

Spread the love

বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের প্রতি দমন-পীড়নের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন। তীব্র বৃষ্টির কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে গতকালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে না পারা এবং পরীক্ষা খারাপ হওয়ার ক্ষোভে তারা এই আন্দোলনে নামেন। শিক্ষার্থীদের এই আকস্মিক সড়ক অবরোধের কারণে সায়েন্সল্যাব, নীলক্ষেত ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের সমস্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েক দিনের টানা অতিভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। আন্দোলনরত ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আয়মান জানান, গতকাল পদার্থবিজ্ঞান (ফিজিক্স) এবং হিসাববিজ্ঞানের (অ্যাকাউন্টিং) মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে পরীক্ষা স্থগিত রাখার ব্যাপারে আগে আশ্বাস দেওয়া হলেও, রাতভর এবং সকালেও মুষলধারে বৃষ্টি হওয়ার পরও মন্ত্রণালয় পরীক্ষা স্থগিত করেনি। উল্টো পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সঙ্গে দমন-পীড়নমূলক আচরণ করা হয়েছে বলে তারা দাবি করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে; অন্যথায় বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) মিলিয়ে বিশেষ বিবেচনায় পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সাথে শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ