প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম জানিয়েছেন, সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও জনমুখী করে গড়ে তুলতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ‘টোটাল পিপলস ওয়ার্ক’ বা জনযুদ্ধের ধারণাকে ভিত্তি করে মাঠ প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার চায় সশস্ত্র বাহিনী যেন পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে জনগণের আরও কাছাকাছি থেকে দায়িত্ব পালন করতে পারে।
সমন্বয় ও আধুনিকায়নের ওপর গুরুত্ব অধিবেশনে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো জেলা প্রশাসকদের অবহিত করা হয়। ড. শামছুল ইসলাম মাঠ প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের দূরত্বের দাবি নাকচ করে দিয়ে বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতেই উভয় পক্ষ কাজ করছে। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনগুলোতে সিভিল প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত কাজের প্রশংসা করে এই ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ডিসিরাও মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন, যা ভবিষ্যতে একটি যুগান্তকারী প্রশাসনিক কাঠামো তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।



















