দেশের ১২টি সিটি করপোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে এই অর্থসহায়তার চেক তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শহরগুলোকে বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি ও সম্মান জানাতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে এই আর্থিক সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারে বাড়তি আনন্দ বয়ে আনবে। নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকারের এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



















