যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান খুব দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিলেও, এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (৯ মার্চ) ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই বা কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের এই অভিযান শেষ হতে পারে। ট্রাম্পের মতে, ধারাবাহিক হামলায় ইরানের অন্তত দুই স্তরের (two layers) নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তাদের সামরিক সক্ষমতা এখন তলানিতে।
তবে ট্রাম্পের এই দাবিকে ‘মিথ্যা’ ও ‘ভুয়া সামরিক সাফল্য’ বলে আখ্যা দিয়েছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই যুদ্ধ কখন শেষ হবে তা ওয়াশিংটন নয়, বরং তেহরান নির্ধারণ করবে। নাঈনির দাবি অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের গোলাবারুদ প্রায় শেষের পথে। তিনি অভিযোগ করেন যে, ট্রাম্প নিজের পরাজয় ঢাকতে এবং সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতেই মার্কিন জনগণের কাছে সত্য গোপন করছেন।
গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতা ঘোষণা করা হয়েছে। এই নেতৃত্বের পরিবর্তনের মধ্যেই ট্রাম্পের যুদ্ধ শেষের ঘোষণা এবং আইআরজিসির কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে হোয়াইট হাউস দাবি করছে বিজয় আসন্ন, অন্যদিকে তেহরান প্রস্তত হচ্ছে দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য।
সূত্র: আল-জাজিরা



















