শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। তবে অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।” তিনি মনে করেন, অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে।

শনিবার সকাল ১১টায় রাজধানীর বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপি আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমি যদি আমার অবস্থান থেকে চিন্তা করি, আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, একই সঙ্গে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা, আর আরেক পাশে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা। এসব অভিজ্ঞতা আমাদের সামনে স্পষ্ট করে দেয়—৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো কারণই নেই।”

তিনি আরও বলেন, এই উপলব্ধি শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং বিএনপির নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষের জন্যও এটি একটি বড় শিক্ষা। “৫ আগস্ট আমাদের দেখিয়ে দিয়েছে হিংসা, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে,” উল্লেখ করেন তিনি।

তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে সংযম ও সহনশীলতার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। কিন্তু সেই মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করা সম্ভব, যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি।”

তিনি বলেন, “মতবিভেদ ও বিভাজন জাতিকে কোথায় নিয়ে যেতে পারে, তা আমরা ইতোমধ্যেই দেখেছি। জাতি বিভক্ত হলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে।”

আলোচনা সভায় তারেক রহমান আরও বলেন, “আজ অনেকের কণ্ঠে হতাশার কথা শোনা যায়। তবে আশার কথা হচ্ছে, মানুষের মধ্যে এখনও ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে, পরিকল্পনা আছে। এই আশা ও পরিকল্পনাকেই শক্তিতে পরিণত করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”

সর্বশেষ - অপরাধ